ওয়াশিংটনের হিলটন হোটেলে অনুষ্ঠিত ‘হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনার’-এ হামলার ঘটনায় আটক কোল টমাস অ্যালেনকে ঘিরে নানা ধরনের চমকপ্রদ তথ্য সামনে আসছে। ৩১ বছর বয়সি এই ব্যক্তি সাধারণ কোনো অপরাধী নন; বরং তিনি বেশ মেধাবী এক যুবক।
অ্যালেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একজন উচ্চশিক্ষিত খণ্ডকালীন শিক্ষক এবং একইসঙ্গে একজন উদীয়মান ভিডিও গেম ডেভেলপার বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী এখন খতিয়ে দেখছে, কীভাবে একজন মেধাবী ও সামাজিকভাবে সক্রিয় ব্যক্তি চরমপন্থার দিকে ঝুঁকলেন।
পাবলিক রেকর্ড ও তার সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন প্রোফাইল অনুযায়ী, অ্যালেন লস অ্যাঞ্জেলেসের টরেন্স এলাকার বাসিন্দা। তার শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি এবং গত বছর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি–ডমিঙ্গুয়েজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি।
পেশাগত জীবনে তিনি ‘সি২ এডুকেশন’ নামের একটি টিউটরিং প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতেন এবং ২০২৪ সালের ডিসেম্বরে তিনি সেখানে ‘টিচার অব দ্য মান্থ’ হিসেবেও স্বীকৃতি পান বলে প্রতিবেদনে জানা যায়।
অন্যদিকে, অ্যালেন ভিডিও গেম ডেভেলপমেন্টের সঙ্গেও যুক্ত ছিলেন। স্টিম প্ল্যাটফর্মে তার তৈরি ‘বর্ডম’ নামের একটি ইন্ডি গেম বিক্রির জন্য তালিকাভুক্ত রয়েছে। এ ছাড়া তিনি ‘ফার্স ল’ নামে আরেকটি গেম নিয়েও কাজ করছিলেন বলে তার লিংকডইন প্রোফাইলে উল্লেখ ছিল।
২০১৭ সালে তিনি ক্যালটেকে থাকাকালীন প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ারে ব্যবহারযোগ্য একটি জরুরি ব্রেক সিস্টেমের প্রোটোটাইপ তৈরি করে স্থানীয় সংবাদমাধ্যমের আলোচনায় আসেন।
তদন্তে আরও একটি তথ্য উঠে এসেছে যে, ২০২৪ সালের অক্টোবরে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনি প্রচারণায় ২৫ ডলার অনুদান দিয়েছিলেন। তদন্তকারীরা এখন এসব বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ঘটনার সম্ভাব্য কারণ ও উদ্দেশ্য বোঝার চেষ্টা করছেন।
বর্তমানে এফবিআই ও স্থানীয় পুলিশ অ্যালেনের হোটেল কক্ষ থেকে পাওয়া আলামত এবং তার ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলো পরীক্ষা করে দেখছে।


